একসময় হয়তো স্বপ্ন দেখতেন ফুটবলার সবার। হয়তো হ্যারি কেইন, জুড বেলিংহামদের মতো তারকাদের সারিতে নিজে দাঁড় করাতেন। সান্ডারল্যান্ডের কিশোর একাডেমিতে হাতেখড়িটাও হয়েছিল। তবে নিয়তি তাকে পৌঁছে দিল জো রুট, হ্যারি ব্রুকদের দলে। ১৬ বছর বয়সে ফুটবল ছেড়ে ক্রিকেট বেছে নেওয়া বেন ম্যাককিনি ব্যাটে-বলে নিজের জাত চিনিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিলেন ইংল্যান্ডের টেস্ট দলে।
দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য চোটাক্রান্ত জ্যাকব বেথেলের বদলি হিসেবে ডারহামের ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনার ম্যাককিনিকে স্কোয়াডে ডেকেছে ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড); পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজের বাড়তি ব্যাটার অলি পোপকে টপকে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই তরুণ ব্যাটারের ওপর আস্থা রাখল নির্বাচক প্যানেল।
গত জুলাই থেকে হাঁটুর চোটে ভোগা বেথেল শুরুতে তিন-চার সপ্তাহের জন্য ছিটকে যাবেন বলে ধারণা করা হলেও পরে কার্টিলেজের সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় ফের ব্যথা ও ফোলাভাব দেখা দেওয়ায় আবারও ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে এই অলরাউন্ডারকে, যা তাঁকে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে দিল।
এমনকি আগামী বছরের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বেথেল, যার ফলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে দুটি এবং মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে তাঁর খেলা নিয়েও বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বুধবার নিজের ইনস্টাগ্রামে আইপিএল না খেলার সিদ্ধান্ত জানিয়ে বেথেল লেখেন, ‘দুর্ভাগ্যবশত, এ বছর আমি আইপিএলে অংশ নিচ্ছি না এবং হাঁটুর সমস্যা পুরোপুরি সারিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।’
এদিকে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ও একই বছর কিশোর বয়সেই ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হওয়া ম্যাককিনির জন্য গত দুই মৌসুম ছিল দারুণ শিক্ষণীয়। ২০২৫ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশন থেকে ডারহাম অবনমিত হওয়ার মৌসুমে দুটি সেঞ্চুরি করলেও ৩১.৩৮ গড়ে ৫৬৫ রান করে ধারাবাহিকতার অভাবে ভুগেছিলেন তিনি।
তবে চলতি মৌসুমে দ্বিতীয় ডিভিশনে ফিরেই নিজেকে নতুন রূপে মেলে ধরেন ম্যাককিনি। তিনটি সেঞ্চুরিসহ ৫২.২০ গড়ে ১,০৪৪ রান করে ডারহামের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে দলকে শিরোপা জেতান। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফরেও ঝড় তুলেছিলেন তিনি; দ্বিতীয় ওয়ানডেতে দলের ৪৮৭/৫ রানের পাহাড় গড়ার পথে মাত্র ৬৫ বলে ১৫টি চার ও ১০টি ছক্কায় খেলেন ১৪৫ রানের টর্নেডো ইনিংস।
তবে দক্ষিণ আফ্রিকা সফরে মূল একাদশে জায়গা পেতে ম্যাককিনিকে অপেক্ষা করতে হতে পারে, কারণ পাকিস্তান সিরিজের ব্যাটিং লাইনআপ নিয়েই সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড; যেখানে এমিলিও গে ও বেন ডাকেট ওপেনিংয়ে এবং তিন থেকে পাঁচে থাকবেন জর্ডান কক্স, জো রুট ও হ্যারি ব্রুক, ছয়ে স্পিন বিকল্প হিসেবে ড্যান লরেন্স এবং সাতে উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ।
অন্যদিকে গত ডিসেম্বরে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টের পর জাতীয় দলের বাইরে থাকা এবং গত মাসে নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করা অলি পোপকে বেথেলের বদলি হিসেবে বিবেচনা করা হয়নি, যদিও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের স্কোয়াডে থাকায় আগামী সপ্তাহেই দেশ ছাড়ছেন তিনি।
অস্ট্রেলিয়ায় সাদা বলের সফরে না থাকা ইংল্যান্ড টেস্ট দলের প্রথম বহর আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে রওনা হবে এবং বাকি সদস্যরা যোগ দেবেন তার এক সপ্তাহ পর। আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট; এরপর ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় এবং নতুন বছরের ৩ থেকে ৭ জানুয়ারি কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।
শিরোপা জিতে জ্ঞান হারালেন আর্জেন্টাইন ফুটবলার