বেলারুশে ফের ভোটের ইঙ্গিত লুকাশেঙ্কোর

দেশজুড়ে চলমান আন্দোলনের মাঝেই বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ফের নির্বাচনের ইঙ্গিত দিলেন। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ফের নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দেননি।

তিনি বলেছেন, বোধহয় তিনি বেশিদিন ধরে প্রেসিডেন্ট পদে আছেন। তবে তিনি এটাও জোরের সঙ্গে জানিয়েছেন, তিনি ছাড়া বেলারুশকে কেউ এখন রক্ষা করতে পারবেন না।

লুকাশেঙ্কো এর আগেও একবার ফের প্রেসিডেন্ট নির্বাচনের ইঙ্গিত দেন। কিন্তু তারপর সেদিকে আর এগোননি। বরং নিরাপত্তা বাহিনীকে দিয়ে জোর করে বিক্ষোভ থামাবার চেষ্টা করেছেন। এবার তিনি বলেছেন, ‘আমি আগে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে চাই। তারপর আবার প্রেসিডেন্ট নির্বাচন করা যেতে পারে।’ তবে লুকাশেঙ্কো আবার নির্বাচনের ইঙ্গিত দিলেও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। রাশিয়ার একটি রেডিও কেন্দ্রকে তিনি বলেছেন, ‘এই বিক্ষোভকারীদের নেতৃত্ব কে দিচ্ছেন, সেটাই তো আমি জানি না।’ অন্যদিকে বিক্ষোভ দেখানোর সময়ই বিরোধী নেত্রী কোলেসনিকোভাকে অপহরণ করেছিল মুখোশধারীরা। তারা মিনস্ক থেকে তাকে সোজা নিয়ে যায় ইউক্রেনের সীমান্তে। জোর করে তাকে বেলারুশ থেকে ইউক্রেনে পাঠানোর চেষ্টা হয়। কিন্তু এই সাহসিনী নেত্রী সেখানে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলে দেন।