দর্শকশূন্য স্টেডিয়াম রোনালদোর কাছে ‘ফুল ছাড়া বাগান’

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে মোটেও উপভোগ করছেন না ক্রিস্তিয়ানো রোনলদো। তার কাছে দর্শকশূন্য ম্যাচ মানে ‘ভাঁড় ছাড়া সার্কাস’ অথবা ‘ফুল ছাড়া বাগান।’

মঙ্গলবার রাতে নেশনস লিগে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের দুটি গোলই করেন রোনালদো। প্রথম গোলটি ছিল তার ১০০তম আন্তর্জাতিক গোল। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি তার।

বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ১০১। ইরানের আলি দাইয়িকে (১০৯) ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এখন পর্তুগিজ বরপুত্র।

করোনা কালের এই ‘নিউ নরমাল’ সময়ে খেলাগুলো হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। সুইডেনের বিপক্ষে ইতিহাস গড়ার পর রোনালদো বলছিলেন, ‘দর্শক ছাড়া খেলা দুঃখজনক। এটা অনেকটা ভাঁড় ছাড়া সার্কাসের মতো অথবা ফুল ছাড়া বাগানে যাওয়ার মতো।’

যোগ করেন, ‘আমার কথা যদি বলি, অ্যাওয়ে ম্যাচ খেলার সময় আমার উদ্দেশে দর্শকের দুয়ো আমি পছন্দ করি, এটি আমাকে অনুপ্রেরণা দেয়।’

তবে পরিস্থিতিই আসলে এমন যে কিছু করারও নেই। তাই মানিয়ে নিয়েছেন বলেও জানালেন রোনালদো, ‘খেলোয়াড় হিসেবে আমরা এভাবে খেলতে পছন্দ করি না। তবে আমি এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। স্টেডিয়াম ফাঁকা থাকবে জেনে সেভাবেই আমি ম্যাচের আগে মেডিটেশন করি।’