নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ রাস্তা ও মসজিদের পাশে নালায় এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই গ্রামে রাস্তার পাশে নালায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
ওই যুবকের নাম মো. কেফায়েত উল্লাহ এমরান (২৬)। তিনি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মৃত এমরান চার মাস বয়সী এক সন্তানের জনক এবং মৃগী রোগী ছিলেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এমরান গত বুধবার সন্ধ্যায় খোয়াড়ে ছাগল আনতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। আজ (বৃহস্পতিবার) সকালে এলাকাবাসী গ্রামের রাস্তা ও মসজিদের পাশে নালায় ভাসমান অবস্থায় এমরানের লাশ দেখতে পায়।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দিকে যাচ্ছি এবং ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।