৪০ বছর পর্যন্ত খেলতে পারবে ‘অসাধারণ’ রোনালদো

সাবেক সতীর্থ আন্তর্জাতিক ফুটবলে সম্প্রতি একশো গোলের মাইলফলক স্পর্শ করা ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রায়ান গিগস। তার মতে, পর্তুগালের অসাধারণ এই ফুটবলার।

গত মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে সুইডেনের বিপক্ষে পর্তুগালের ২-০ গোলের জয়ে দুটো গোলই করেন রোনালদো। তাতে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০১টি।

আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একশোটি গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। আর মাত্র আটটি গোল করতে পারলে সবচেয়ে বেশি গোল করা ইরানের কিংবদন্তি আলি দায়িকে স্পর্শ করবেন রোনালদো।

এ ছাড়া ক্লাব ফুটবলের সদ্য সমাপ্ত মৌসুমেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন রোনালদো। ৩১টি গোল করে ইতালিয়ান সেরি আ শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ অবস্থান রাখেন এই ফরোয়ার্ড।

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় তার সতীর্থ ছিলেন গিগস, যিনি খেলোয়াড়ি জীবন অব্যাহত রেখেছিলেন ৪০ বছর পর্যন্ত। তার বিশ্বাস, পাঁচবারের বর্ষসেরা রোনালদোও ৪০ বছর পর্যন্ত খেলতে পারবেন।

“এ জন্য অবশ্যই তাকে সঠিক ক্লাবে থাকতে হবে। আমি শীর্ষ পর্যায়ের একটি ক্লাবে ছিলাম এবং ৪০ বছর পর্যন্ত খেলেছি। তাকেও আমি সেদিকে এগিয়ে যেতে দেখছি এবং সেও ৪০ বছর পর্যন্ত খেলতে পারবে।”

ফিটনেস ধরে রাখার জন্য রোনালদো নিজের প্রতি বেশ যত্নশীল বলে মনে জানালেন ওয়েলসের কোচ গিগস, “সে নিজের যত্ন নেয়- সঠিক খাওয়া-দাওয়া করে, যথার্থ বিশ্রাম নেয় এবং খেলা নিয়ে থাকে। এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি এর মধ্যে রোনালদোর পেশাদারিত্ব সবচেয়ে সেরা।”

রোনালদো প্রসঙ্গে গিগস আরও বলেন, “আমি তাকে তার ক্যারিয়ারের শুরুর দিকেই দেখেছি। তখনই বুঝতে পেরেছিলাম সে অনেক গোল করবে।”