বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ৫ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এ ছাড়া ৩০৬ নমুনা পরীক্ষার ফলাফলে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে আরও ৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১৬৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এই তথ্য জানান।

এ সময় তিনি জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৩৪ জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তারা হলেন- জয়পুরহাটের হিমাংশু (৫৮), বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচকের মোরশেদুল (৬২), বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আলম (৭০), শাজাহানপুর উপজেলার মাঝিড়ার মোহাম্মদ আলী (৭৮) এবং কাহালু উপজেলার সিরাজুল ইসলাম (৩৮)।

এদের মধ্যে আলম ও মোহাম্মদ আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, সিরাজুল ইসলাম বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং হিমাংশু ও মোরশেদুল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 

ডা. ফারজানুল ইসলাম জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পরীক্ষা করা ২৯৩টি নমুনার মধ্যে ২৭টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩টি নমুনার মধ্যে পজিটিভ ফলাফল আসে আরও ৩জনের। এই ৩০ জনের মধ্যে সদর উপজেলার ২৭জন, শাজাহানপুর ২জন এবং নন্দীগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন।