ফটিকছড়িতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

ফটিকছড়ির বিবিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন ২ নম্বর গলিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে হার্ডওয়্যার, হোমিও ফার্মেসি, কাপড়ের দোকান, সেলুন, ব্রিক ফিল্ড অফিস ও মোবাইল সার্ভিসিংয়ের ২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা এক ঘণ্টা প্রাণান্তকর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পরে অকুস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ আরও অনেকে।