প্রধানমন্ত্রীকে কটূক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ওয়াহিদুজ্জামান চাকরিচ্যুত

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেইসবুকে 'আপত্তিজনক' মন্তব্য করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। একেএম ওয়াহিদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি ফেইসবুকে সক্রিয় ছিলেন। যার ফলে ধরে নেয়া যায় তিনি পালাতক। সে হিসেবে কর্তৃপক্ষ তাকে পলাতক হিসেবে ধরে নেয়। এ প্রেক্ষিতে একেএম ওয়াহিদুজ্জামানকে কারাগারে সোপর্দ হওয়ার দিন থেকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত শিক্ষকের এ ধরনের অশালীন ও চরম আপত্তিজনক মন্তব্যের জন্য এবং তার নিরুদ্দেশ থাকার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি অনুযায়ী তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অনুসরণ করে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটর ২০৯তম সভায় ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ওয়অহিদুজ্জামান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক। তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন বলে দলীয় সূত্র জানায়। তার চাকরিচ্যুতির ঘটনায় নিন্দা জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।