ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, সৌরভ গাঙ্গুলির মতো অধিনায়ক তৈরির জন্য আরো বেশি কৃতিত্বের দাবি রাখেন আজহারউদ্দিন।
সৌরভের নেতৃত্ব বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে। পরে মহেন্দ্র সিং ধোনি সেই ধারা বইয়ে নিয়ে যান। রশিদ লতিফের মতে সৌরভ ও ধোনির মধ্যে ছিল আজহারউদ্দিনের মিশ্রণ।
আজহারউদ্দিনের নেতৃত্বেই ১৯৯৬ সালে অভিষেক হয়েছিল সৌরভের। ইউটিউব শো ‘কট বিহাইন্ড’- এ লতিফ বলেন, ‘আজহারউদ্দিনকে আমি অনেক সম্মান করি। সে ভারতীয় ক্রিকেটকে লম্বা সময় সেবা দিয়েছে এবং সৌরভ গাঙ্গুলির মতো একজনকে রেখে গেছে। সৌরভকে অধিনায়ক হিসেবে তৈরি করতে বড় ভূমিকা ছিল আজহারউদ্দিনের। শচীন, দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা সৌরভের অধীনে খেলেছে।’
ধোনির নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে লতিফ বলেন, ‘আপনারা যদি ধোনির ক্যারিয়ার দেখেন, এটাও গাঙ্গুলির সঙ্গে কোনো একভাবে নির্ভরশীল। যে ধরনের মানসিকতা আর নেতৃত্ব গাঙ্গুলির ছিল তা আসলে প্রকৃতি প্রদত্ত।’
‘মোহাম্মদ আজহারউদ্দিন গাঙ্গুলিকে তৈরি করেছেন। আধুনিক ক্রিকেটের সঙ্গে মিল রেখে ধোনি এই দুজনের গুন সমন্বয় করেছে। সে দলের মধ্যে জেতার মানসিকতা রেখেছে, দলের সংস্কৃতি বানিয়েছে। ইতিবাচক মানসিকতা তৈরি করেছে।’