কমিটিতে পদ পেতে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ

রাজশাহী আওয়ামী লীগে বাড়ছে নারী নেতৃত্ব

সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা করে এক মাসের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছয় মাসেও পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। ছয়মাস ধরে শুধুমাত্র সভাপতি সম্পাদক দিয়েই চলছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যক্রম। তবে নতুন কমিটিতে নারী নেতৃত্ব আগের চেয়ে দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আর সাধারণ সম্পাদক রয়েছেন ডাবলু সরকার। এখন পূর্ণাঙ্গ কমিটি করার কাজ শুরু করেছেন সভাপতি-সম্পাদক। তারা বলছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য কাজ চলছে। এ অবস্থায় নতুন কমিটিতে জায়গা পেতে বেশ তৎপর স্থানীয় নেতারা।

তবে, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, নতুন কমিটিতে খুব বেশি চমক থাকছে না। বেশিরভাগ পুরনো নেতাই থাকছেন এবারের কমিটিতেও। যারা নিষ্ক্রিয় ছিলেন এমন কয়েকজন নেতা পদ হারাচ্ছেন। আর পদ পাচ্ছেন না রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা। এসব শূন্য জায়গা পূরণে যোগ হচ্ছে তরুণ নেতাদের নাম।  

গত ১ মার্চ নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে ডাবলু সরকারের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতারা পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলেন। তবে এরই মধ্যে দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি।

এদিকে, গত ২ সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় সম্পাদকম-লীর সভার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। নির্দেশনা পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজে জোর দেন। দুই নেতা কিছু নাম নিয়ে একমত হতে না পারায় এরই মধ্যে কয়েক দফা আলোচনা করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ কমিটির বেশিরভাগ নামই চূড়ান্ত হয়ে গেছে। ২-১ দিনের মধ্যে সবগুলোর বিষয়েই সিদ্ধান্ত হবে এবং সভাপতি ও সম্পাদক একমত হয়েই ১৫ সেপ্টেম্বরের মধ্যেই কমিটি জমা দেবেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, পূর্ণাঙ্গ কমিটি প্রায় চূড়ান্ত। কেন্দ্রের দেওয়া সময় অনুযায়ী একটি কমিটি জমা দেওয়া সম্ভব হবে। আগের কমিটিতে ৫জন নারীনেত্রী ছিলেন। এবারে পদ পাবেন ১০জন নারী। ডাবলু সরকার বলেন, নতুন কমিটির বেশিরভাগই তরুণ নেতৃত্ব। ইতিপূর্বে নগর আওয়ামী লীগের কমিটি ছিল ৭১ সদস্যের। নতুন কমিটিতে ৪টি পদ বাড়িয়ে ৭৫ জন করা হয়েছে। ২টি সহ-সভাপতি ও ২টি সদস্য পদ বৃদ্ধি করা হয়েছে। 

এদিকে, মহানগর কমিটিতে পদ পেতে শেষ সময়ে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ চলছে। কেউ ছুটছেন কমিটির সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে। আবার কেউ ছুটছেন সাধারণ সম্পাদক ডাবলু সরকারের কাছে। আবার কেউ কেউ দুজনের কাছেই নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।