এক ঝলকে

বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল

করোনায় এবার বাবা হারালেন চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত শিল্পী সোমনুর মনির কোনাল। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কোনালের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কোনালের বাবার নাম মনির হোসেন মন্টু। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কোনালের স্বামী মনজুর কাদের জিয়া জানান, দেড় সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়াই করছিলেন কোনালের বাবা। শ্বাসকষ্ট তীব্র হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত করোনার কাছে পরাজিত হলেন তিনি। জিয়া জানান, ঢাকা থেকে কোনালের বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে হবে দাফন। তিনি সবার কাছে কোনালের বাবা ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

যিশুর পথে হাঁটতে চান বিবার

নিজের ব্যক্তিজীবন, প্রেম-বিরহ নিয়ে মুখ খুললেন কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। মঙ্গলবার জাস্টিন তার নিজের ইন্সটাগ্রাম পেজে দেওয়া এক বিবৃতিতে খোলামেলা কথা বলেছেন।

বিবার বলেন, ‘আমি কানাডার অন্টারিওর ছোট একটি শহর স্ট্রাটফোর্ড থেকে উঠে এসেছিলাম। অর্থবিত্ত কিংবা পরিচিতির জন্য গানের জগতে আসিনি। ভালোবাসা থেকেই এখানে আসা। তবে গান জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমার মধ্যে চলে আসে রাতারাতি পরিবর্তন। এ কারণে আমার অনেক সম্পর্ক টেকেনি। কারণ হিসেবে বলতে পারি আমার দাম্ভিকতা ও অহংকার। তবে আমি এখন সত্যিকারের ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত। আগের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমার পরিকল্পনাতে এখন শুধু আমি একা নই। আমি চিন্তা করি আমার সঙ্গের মানুষদের নিয়েও। আমার মধ্যে আর কোনো স্বার্থপরতা নেই। আমি একজন ভালো স্বামী এবং ভবিষ্যতে একজন ভালো বাবা হতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ আমি আমার সামনের জীবনটাতে যিশুর পথে হাঁটতে চাই।’