সুইডেনের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জন্টি রোডস। সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

খবরটি জানিয়ে সুইডিশ বোর্ড জানায়, গত দু’বছরে দেশটিতে ক্রিকেটে অংশগ্রহণের হার ৩০০ শতাংশ বেড়েছে। ক্রিকেট সেখানে দ্বিতীয় দ্রুত বর্ধমান খেলা। জুনিয়র ক্রিকেট ও হাই পারফরম্যান্স ক্রিকেট নিয়ে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে রোডসের সঙ্গে চুক্তি করেছে তারা।

নতুন দায়িত্বে রোমাঞ্চিত রোডস বলেছেন, ‘সুযোগটি সঠিক সময়ে এসেছে। সম্পূর্ণ নতুন পরিবেশে আমার মেধা বিনিয়োগ করতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি আমি।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট ও ২৪৫ ওয়ানডে খেলা রোডস নিজ দেশের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। আইপিএলে দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে থাকার পর এখন আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্বে।

১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। রোডস এখন দলের সঙ্গে দুবাইয়ে আছেন। আইপিএল শেষ করেই নতুন দায়িত্বে যোগ দেবেন ৫১ বছর বয়সী। পরিবার নিয়ে নভেম্বরে সুইডেনে যাবেন রোডস।