হাত দিয়ে টানলেই উঠে আসছে কার্পেটিং

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটারের সড়কের একাংশের করা কার্পেটিংয়ে হাত দিলেই তা উঠে যাচ্ছে। রাস্তার এমন কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকার মানুষের মাঝে। যার কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। আর ওই সময় কাজ রেখে পালিয়েছেন ঠিকাদারসহ তার লোকজন।

জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী সড়কের কালীগঞ্জ উপজেলা সদরের তুষভান্ডার (রাজবাড়ী রোড) থেকে দলগ্রাম (খোকা চেয়ারম্যানের বাড়ি) পর্যন্ত ২ হাজার ৬০০ মিটার দীর্ঘ ও ১৬ ফুট প্রস্থের সড়কটি সংস্কারের কাজটি পায় ‘বিনিময় টেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি নিয়ে নেন জেলার দুজন ঠিকাদার।

গত ২ সেপ্টেম্বর স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জের ইউএনও রবিউল হাসান। তিনি সড়ক সংস্কারে ব্যবহৃত খোয়ার ‘থিকনেস’ কমসহ নানান অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশসহ উপজেলা প্রকৌশলীকে সঠিকভাবে কাজ বুঝে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এক সপ্তাহ না যেতেই আবারও নিম্নমানের সামগ্রীসহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে ঠিকাদারদের বিরুদ্ধে। এদিকে গতকাল শুক্রবার দুপুরে সেখানে গেলে দেখা যায়, হাত দিয়ে টানতেই কার্পেটিং উঠে যাচ্ছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহবুবর রহমান গতকাল বিকেলে বলেন, নতুন কার্পেটিংয়ে টানলে সেটি উঠে আসবেই। দুই-তিন দিন পর তা আর উঠে আসে না।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোহাম্মদ সামছুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর নিম্নমানের কাজ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।