তিন গৃহবধূসহ ৭ খুন

বগুড়ার কাহালুতে এক তরুণকে কুপিয়ে ও নন্দীগ্রামে গরুচোর সন্দেহে অন্য এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিটিয়ে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। কিশোরগঞ্জের ভৈরবে মাদক কারবারের দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হয়েছেন তরুণ। গাজীপুর ও ঢাকার ধামরাইয়ে স্ত্রীদের শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাদের স্বামীর বিরুদ্ধে। পাবনার আটঘরিয়ায় এক নারীকে দুর্বৃত্তরা হত্যা করেছে শ্বাসরোধে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বগুড়া : কাহালুতে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল আলীম (২২) পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। তিনি কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামাণিকের ছেলে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার দুপুরে আবদুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পখিতলা ব্রিজ নামক স্থানে পেছন দিক থেকে অন্য একটি মোটরসাইকেলে তিন তরুণ এসে প্রথমে আলীমের মাথায় আঘাত করে। তিনি চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

অন্যদিকে নন্দীগ্রামে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে কাজী উজ্জ্বল হোসেন (৩২) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী উজ্জ্বল ওই উপজেলার রায়পাড়ার মৃত লোকমান কাজীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : কসবায় পাওনা টাকা চাওয়ায় কবির হোসেন ওরফে ছোটন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চারুয়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত কবির ওই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের রামশংকরপুর এলাকায় সোহরাব (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে হান্নান (৩০) নামে অন্য এক মাদক বিক্রেতা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব কালীপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। হান্নান একই এলাকার মুতি মিয়ার ছেলে।

গাজীপুর : স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডে রথখোলা বোডিংটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাবিনা আক্তার (২৮)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাঘভিটা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।

সাভার : ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতাউর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জুলেখা আক্তার শিখা (২৫)।

পাবনা : নিখোঁজের চার দিন পর পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়ার একটি লিচুবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাজন খাতুন (৩৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজন উপজেলার গোপালপুর গ্রামের মৃত মুন্না মিয়ার স্ত্রী। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।