প্রধানমন্ত্রীকে ফোন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার বলেছেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে এ কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, কভিড-১৯ মহামারী মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন ড. মার্ক টি এসপার। উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন এবং সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা এবং বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় প্রতিরক্ষাবিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন।

ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানান ইহসানুল করিম।