টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস কারখানায় আগুনে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (২৫)।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

আগুনে দুলাল মিয়ার দেহের ৯০ শতাংশ পুড়েছিল। দগ্ধ অপর শ্রমিক মোজাম্মেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শরীরের পঞ্চাশ শতাংশ দগ্ধ হন নিলয় (২৫) ও রিপন (৩০)। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শুক্রবার ভোর ৪টায় মিলগেট এলাকার এসএস স্টিল কারখানায় লোহা পোড়ানোর কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ শরীরে ছিটে দগ্ধ হন পাঁচ শ্রমিক।