অনেক বাধা পেরিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা শুরু হয়েছে এরই মধ্যে। সেই উত্তাপের আঁচ নিয়ে দেখে নেওয়া যাক আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কোন ব্যাটসম্যানের নামের পাশে। তালিকায় আর কারা রয়েছেন, তাও এক নজরে দেখে নেওয়া যাক-
ক্রিস গেইল
২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ঘরের মাঠে ৬৬ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ওই ম্যাচে ৩০ বলে শতরান করে আসরে দ্রুততম সেঞ্চুরির মালিক হন ক্যারিবিয়ান কিংবদন্তি। সেই রেকর্ড এখনো অক্ষত।
ইউসুফ পাঠান
২০১০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩৭ বলে শতরান করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সেটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতরান।
ডেভিড মিলার
২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১০১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। ওই ম্যাচে তিনি ৩৮ বলে শতরান করেছিলেন। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন মিলার।
অ্যাডাম গিলক্রিস্ট
২০০৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডেকান চার্জার্সের হয়ে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। ৪২ বলে শতরান করেছিলেন গিলি। তিনি তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন।
এবি ডি ভিলিয়ার্স
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৫২ বলে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি। ৪৩ বলে শতরান করেছিলেন মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি।
ডেভিড ওয়ার্নার
৪৩ বলে সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ান ওপনার ডেভিড ওয়ার্নারেরও। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে শতকটি হাঁকান তিনি।