দুর্দান্ত জয়ে মৌসুম শুরু আর্সেনালের

আর্সেনালের হয়ে প্রথম ম্যাচেই দ্যুতি ছড়ালেন উইলিয়ান। সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে গানারদের।

মৌসুমে প্রথম ম্যাচটিতে ফুলহ্যামকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। অ্যালেক্সান্দ্রে লাকাসেতের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গাব্রিয়েল ম্যাগালহোয়েস ও পিয়েরে-এমারিক আউবামেয়াংয়ের গোলে জয়োল্লাসে মাতে মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আর্সেনাল। অষ্টম মিনিটে উইলিয়ান শট নিলে তা রুখে দেন ফুলহ্যাম গোলরক্ষক। তবে গোল পেতে দেরি হয়নি গানারদের। এক মিনিটের মধ্যেই গোলমুখে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম গোলটি করেন লাকাসেত।

সমতা ফেরানোর বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। কবে কোনোটাই কাজে লাগাতে পারেননি দলটির আক্রমণভাগের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। কর্নার থেকে ক্রসে বল ডি-বক্সে বল পাঠান উইলিয়ান। খুব কাছ থেকে জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

আট মিনিটের ব্যবধানে আরও তৃতীয় গোলটি পায় আর্সেনাল। উইলিয়ানের পাসে বল পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে গোলটি করেন স্ট্রাইকার আউবামেয়াং। ৭০তম মিনিটে আরও একটি গোল পেতে পারতেন গ্যাবনিস এই ফুটবলার। কিন্তু শটটি লক্ষে রাখতে পারেননি তিনি।