জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৫০ শতাংশ অগ্রগতি: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের ৫০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

শনিবার দুপুরে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিডিএ চেয়ারম্যান।

তিনি বলেন, ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নির্মাণকাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। এটির ৩৫ শতাংশ আর্থিক ও ৫০ শতাংশ ভৌতিক অগ্রগতি হয়েছে।

সিডিএ চেয়ারম্যান বলেন, গত এক বছর অনেক কাজ হয়েছে। এজন্য এবার শহরে জলাবদ্ধতা হয়নি। কিছু জায়গায় জোয়ারের পানি উঠেছে। স্লুইসগেট বন্ধ করলে এর সমাধান হবে।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সিটি আউটার রিং রোড প্রকল্পের ৯২ শতাংশ, কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক কাম বাঁধ নির্মাণ প্রকল্পের ২৫, লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ৩৬, বায়েজিদ বোস্তামি থেকে ফৌজদারহাট পর্যন্ত বাইপাস সড়ক প্রকল্পের ৯০ এবং বাকলিয়া এক্সেস রোড নির্মাণ প্রকল্পের ৮৩ শতাংশ ভৌত নির্মাণকাজ শেষ হয়েছে। এসব প্রকল্পের পাশাপাশি শহরকে এগিয়ে নিতে মাস্টারপ্ল্যানের কাজ চলছে।

এ সময় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উপমহাপরিচালক কর্নেল আবুল হাসনাত মো. সায়েম বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বছরের জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি ও সুফল পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।