এক ঝলকে

মা হলেন শুভশ্রী

এ বছরের ১১ মে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে কলকাতার শোবিজের সুপারস্টার দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি বাবা-মা হওয়ার  খবর দেন। তারপর থেকেই কবে তাদের পরিবারে নতুন সন্তান আসে তা নিয়ে উৎসাহ ছিল অনুরাগীদেরও। শুভশ্রীও অন্তঃসত্ত্বা অবস্থার নানান ছবি অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে শেয়ার করতেন। অবশেষে পরিবার আর ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। গতকাল দুপুর ১টার দিকে পুত্রসন্তানের জন্ম দিলেন শুভশ্রী।  ছেলের নাম রেখেছেন যুবান চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। এই চিকিৎসকের তত্ত্বাবধানেই মা হয়েছেন কোয়েল মল্লিকও। শুভশ্রীর ছেলের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা যাচ্ছে। গতকালই ভক্ত-অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত, ছবিটি শুভশ্রীর হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি। বৃহস্পতিবারও লাল ম্যাক্সি  ড্রেসে শুভশ্রীর ‘বেবি বাম্প’-এর দুটি ছবি পোস্ট করেছিলেন রাজ।

প্রসঙ্গত, গত ১ মাস ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল চক্রবর্তী পরিবার। গত মাসেই হঠাৎ করে কভিড ১৯-এ আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তার যেদিন করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো, সেদিনই জানা গেল পরিচালকের বাবার করোনায় মৃত্যু  হয়েছে। এই ঝড়ঝাপটা পার করে অবশেষে খুশির খবর এলো রাজ-শুভশ্রীর পরিবারে।

প্রয়াত ডায়ানা রিগ

মারা গেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডায়ানা রিগ। ১০  সেপ্টেম্বর লন্ডনে ৮২ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী র‌্যাচেল স্টার্লিং। এই বছরের মার্চে রিগের ক্যানসার ধরা পড়ে। ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সব প্রজন্মের দর্শকের কাছেই পরিচিত ছিলেন তিনি। ১৯৩৮ সালে জন্ম নেওয়া অভিনেত্রী ক্যারিয়ারের শুরুর দিকে পরিচিতি পান তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জারস’ দিয়ে। ১৯৬৫-৬৮ সালে প্রচারিত হয় সিরিজটি। এর পরই বড় পর্দায় সুযোগ পান ‘বন্ড গার্ল’ হিসেবে। ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেসটিজ সিক্রেট সার্ভিস’-এ অভিনয় করে রাতারাতি সারা দুনিয়ায় পরিচিতি পান। এই প্রজন্মের দর্শকের কাছে তিনি জনপ্রিয় হন ‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্র ওলেনা টাইরেল করেন। তার অন্যান্য কাজের মধ্যে আছে ‘আ মিডসামার নাইটস ড্রিম’, ‘এভিল আনডার দ্য সান’ ইত্যাদি। বিবিসির মিনি সিরিজ ‘মাদার লাভ’ করে তিনি বাফটায়  সেরা অভিনেত্রী হন। টিভিতে তার আরেকটি উল্লেখযোগ্য কাজ ‘রেবেকা’, যেটির জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে টনি অ্যাওয়ার্ডও পান।