আসন্ন মৌসুমে পিএসজিতে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে যাচ্ছে। মার্কা জানিয়েছে, তরুণ এই ফরোয়ার্ড কর্মকর্তাদের বলে দিয়েছেন ‘আর থাকতে চান না’।
এমবাপের সঙ্গে পিএসজির ২০২১-২০২২ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু এখনো তিনি প্রতিনিধিদের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো আলাপ করেননি।
দ্য টাইমসের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সামনের গ্রীষ্মেই এমবাপে ক্লাব ছাড়তে চান। এ বিষয়ে তিনি ক্লাব কর্তৃপক্ষকে প্রস্তুতি নিতে বলেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপেকে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিনিও সেখানে যেতে যান।
তবে রিয়ালের জন্য কাজটা সহজ হবে না। কারণ ম্যানচেস্টারের দুই ক্লাবের পাশাপাশি তাকে পেতে চাইছে বার্সেলোনাও।
২১ বছর বয়সী এই ফুটবলার কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। এখন তিনি আইসোলেশনে রয়েছেন।
এমবাপের পাশাপাশি পিএসজির আরও কয়েকজন খেলোয়াড় গত কয়েক মাসে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্পেনের ইবিজিয়ায় ছুটি কাটাতে গিয়ে নতুন রোগটিতে সংক্রমিত হন নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া, কেইলর নাভাস, মাউরো ইকার্দি এবং লিওনার্দো পারদেস।