গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে রিপন চন্দ্র মোহন্ত (৩৮) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাঁচপীর এলাকার বিনয় চন্দ্র মোহন্তের ছেলে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার ভোরে টঙ্গীর এসএস স্টিল মিলস লিমিটেডের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল শেখ নামে একজন মারা যান। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদ হোসেন জানান, টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।