প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে কাপড়ের দোকানে আসেন সিরাজুল ইসলাম। দোকানে এসে বাড়ি থেকে পারিবারিক কাজের জন্য আনা সাড়ে ৩ লাখ টাকা ক্যাশ বাক্সে তালা দিয়ে রাখেন। যথারীতি দোকান ঝাড় দেয়া, পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেন। এরপর নিজে হাতমুখ ধুতে প্রতিদিনের নিয়মে যান মার্কেটের পেছনে। হাতমুখ ধুয়ে কয়েক মিনিট পর দোকানে ফিরে দেখেন ক্যাশবক্স ভাঙ্গা। সাড়ে ৩ লাখ টাকা নেই।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল প্রায় ৯টায় মিরসরাই পৌরবাজারের কলেজ রোডের করিম মার্কেটের নিচতলার ভূঁইয়া ক্লথ স্টোরে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই থানা পুলিশের একটি দল।
ভূঁইয়া ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে দোকানে আসার সময় পারিবারিক একটি কাজের জন্য সাড়ে ৩ লাখ টাকা নিয়ে এসে দোকানের ক্যাশ বক্সে রেখে তালা লাগিয়ে দিই। এরপর দোকান পরিস্কার করে হাতমুখ ধুতে মার্কেটের পেছনে যাই। কয়েক মিনিট পর দোকানে এসে দেখি ক্যাশবক্স ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গচ্ছিত সব টাকায় খেয়া গেছে। আমি বিষয়টি মিরসরাই থানায় অবহিত করেছি।
মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, মিরসরাই পৌর বাজারে একটি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় দোকানের মালিক বাদি হয়ে থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। দোষীদের ধরার চেষ্টা চলছে।