ওয়েবে আপত্তি নেই

দর্শকনন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। করোনায় একেবারেই কাজ করছেন না। ওয়েবে কাজের কথা চলছে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

করোনায় শ্যুটিং...

আমি করোনার শুরু থেকেই স্ট্রিক্টলি সবাইকে বলেছি, পরিস্থিতি স্বাভাবিক না হলে আমি কোনো কাজ করব না। অনেকে অনেক ধরনের কাজ করেছে, কিন্তু আমি ঘরের বাইরে গিয়ে এখনো কোনো কাজ করিনি। আরও কিছুদিন অপেক্ষা করতে চাই। তারপর কাজে ফিরতে পারি।

প্রথমবার ওয়েবে...

ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পাচ্ছি অনেক আগে থেকেই। কিন্তু আমি বরাবরই বলেছি, কোনো মাধ্যমে কাজ করতে আপত্তি নেই। তবে গল্পটা হতে হবে সেই ধরনের। আর আমার অনেক শর্ত থাকবে কাজের ক্ষেত্রে। সম্প্রতি একটি ওয়েব সিরিজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান তীর্থকের এই ছবির নাম ‘ভিসা’। চার মাস আগে কাজটির প্রস্তাব একবার ফিরিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, করোনার মাঝে শ্যুটিং করা সম্ভব নয়। কিন্তু তারা নাছোড়বান্দা, আমার জন্য অপেক্ষা করে বসে আছে! ১০ সেপ্টেম্বর রাতে জানতে পারলাম, আমাকে নিয়েই কাজটি করতে চায় তারা। আমি বলেছি, গল্প পছন্দ হলে কাজটি করব। তবে আরও কয়েক মাস সময় দিতে হবে। এ ছাড়া শুক্র, শনিবার ছাড়া কাজ করব না। তারা আমার সব শর্ত মেনেই কাজটি করতে চায়।

অন্য কাজ...

অক্টোবরের শেষ সপ্তাহে ‘গাঙচিল’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করতে চাই। এরপরই ওয়েব সিরিজটির শিডিউল দেব। এর মধ্যে সরকারি অনুদানের ছবিসহ বেশ কিছু নাটক ও ওয়েব ছবির প্রস্তাব এসেছে। সবকটিই ফিরিয়ে দিয়েছি।

মেয়ের সঙ্গে...

মা হওয়ার পর থেকে কাজ কমিয়ে দিয়েছি। এখন আমার সবচেয়ে গুরুত্বের জায়গা আমার মেয়ে। লকডাউনে তাকে আরও সময় দিতে পারছি। প্রতিদিন সে বড় হচ্ছে, নতুন নতুন জিনিস শিখছে, এগুলো আমাকে অন্যরকম অনুভূতি এনে দেয়। একটু আগেই (গতকাল সন্ধ্যায়) তার অনলাইন ক্লাসে সময় দিচ্ছিলাম। সারা দিন মা-মেয়ের খুনসুটিতে কখন সময় কেটে যায় ভেবেই পাই না।

সাদেক বাচ্চু...

আমার মনে হয়, আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সিনেমার সহশিল্পী সাদেক বাচ্চু। তাকে তো সিনেমায় আসার আগে থেকেই চিনতাম নামকরা অভিনেতা হিসেবে। ক্যারিয়ারের শুরুর দিকেই তাকে পাশে পেয়েছি। আমাকে খুব স্নেহ করতেন। দেখা হলেই জোরে পূর্ণি বলে ডাক দিতেন। বলতেন, ‘তুই খুব ভালো মেয়ে। অনেক কষ্ট করে আজকের জায়গায় এসেছিস। তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’ এখনকার নায়িকারা তো কল্পনাও করতে পারবে না আমরা কী ধরনের স্ট্রাগলের মধ্য দিয়ে এসেছি। ইন্ডাস্ট্রিতে এসেই বাড়ি-গাড়ি করে ফেলতে পারিনি। অনেক সাধনার অর্জন আমার এই চলচ্চিত্র ক্যারিয়ার।