লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধনের অপরাধে আবু হানিফ (৪৮) নামে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) ছয় মাসের কারাদ- দিয়েছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসানের ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় বরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ওই আদালত। গত রবিবার রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকায় এই বাল্যবিয়ের ঘটনা ঘটে। দ-িত আবু হানিফের বাড়ি উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারী গ্রামে। তিনি ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান দেশ রূপান্তরকে বলেন, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এক মাদ্রাসাছাত্রের বিয়ের আয়োজন চলছেÑএমন খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে কাজিকে ছয় মাসের জেল ও বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলাকে বাল্যবিবাহমুক্ত রাখতে এমন অভিযান চলবে বলে তিনি জানান।