২০১৪ ফুটবল বিশ্বকাপের পর হামেস রদ্রিগেজ ৬৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু থিতু হতে পারেননি সেখানে। মাঝে দু’বছর ধারে বায়ার্নে খেলেন। গেল মৌসুম কাটে রিয়াল বেঞ্চে বসেই। কয়েক দিন আগে ইংলিশ ক্লাব এভারটনে নাম লিখিয়েছেন ২৯ বছরের এই কলম্বিয়ান। আর নতুন দলের হয়ে অভিষেকেই দারুণ পারফরম্যান্সে জয় এনে দেন।
রবিবার রাতে টটেনহ্যাম হটস্পারকে ০-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমে শুরু করেছে এভারটন। ম্যাচে গোল করতে না পারলেও ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা তারকা বল পায়ে দেখান কারুকাজ। অবশ্য ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও গোলে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়েছিল এভারটন। ম্যাচে এভারটনের তৈরি করা নয় সুযোগের পাঁচটির কারিগর হামেস। ক্রীড়া পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ‘অপ্টা’ টুইট করে জানিয়েছে, ছয় বছরেরও বেশি সময় পর প্রিমিয়ার লিগে অভিষেকে অন্তত পাঁচটি সুযোগ বানিয়ে দেখালেন কোনো ফুটবলার। হামেসের আগে চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ এমনটি করেছিলেন ২০১৪ সালের আগস্টে, আর্সেনালের জার্সিতে।