ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি কারাবন্দি ইসমাইল চৌধুরী সম্রাট (৪৯) বুকে ব্যথা অনুভব করায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাতে হাসপাতালটির সিসিইউতে ভর্তির পর তার চিকিৎসা ও পরীক্ষা- নিরীক্ষায় ১৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন সংশ্লিষ্টরা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, একাধিক সমস্যায় ভুগছেন সম্রাট। ইতিপূর্বে তার হৃৎপিণ্ডে বাল্ব লাগানো হয়েছে। বর্তমানে অধ্যাপক ডা. মহসিন হোসেনের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সম্রাট।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে রবিবার তাকে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করে বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানে গত বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সবশেষ গত রবিবার তার বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনে অর্থ পাচার আইনে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা এখনো চলমান রয়েছে।