ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি খান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার দিকে জেলার রাজাপুর উপজেলার পূর্ব রাজাপুর এলাকার সাউথপুর ব্রিজ সংলগ্ন খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অলি পূর্ব রাজাপুর এলাকার রুবেল খানের ছেলে ও বরিশাল সরকারি পলিটেকনিক ইস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে ডোবায় বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি সেচ করে মাছ ধরতে যান অলি।

এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে অলি পানিতে পড়ে যান। পরে ছোট ভাই তামিম সন্ধ্যার দিকে ভাইয়ের মাছ ধরা দেখতে গিয়ে অলিকে পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করে। স্বজনরা পুকুর থেকে অলিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, মৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।