শৈশবের বাড়ির কাছে সমাহিত চ্যাডউইক বোসম্যান

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গ রাজ্যে নিজ বাড়ির কাছেই শেষ শয্যা নিয়েছেন চ্যাডউইক বোসম্যান।

মার্ভেল কমিকসের ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিত পাওয়া এ হলিউড তারকা ২৮ আগস্ট মারা যান। তিনি চার বছর ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন।

অসুস্থতা গোপন রেখে সিভিল ওয়ার, ব্ল্যাক প্যান্থার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স: এন্ডগেমসহ নন-মার্ভেল মুভি ২১ ব্রিজেস ও ডা ৫ ব্ল্যাডসে অভিনয় করেন বোসম্যান। এবার তার ডেথ সার্টিফিকেটে জানা গেল মৃত্যুর বিস্তারিত কারণ।

লস অ্যাঞ্জেলসে কাউন্টি সার্টিফিকেটের বরাত দিয়ে এপি এক প্রতিবেদনে জানায়, গত ৩ সেপ্টেম্বর বেলটনের ওয়েলফেয়ার ব্যাপ্টিজ চার্চ সেমেন্ট্রিতে সমাহিত হন অভিনেতা। যা তার নিজ শহর অ্যান্ডারসন থেকে ১১ মাইল দূরে। পরদিনই এই শহরে অনুষ্ঠিত হয় স্মরণসভা।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে মারা যান বোসম্যান।

ডেথ সার্টিফিকেটে জানানো হয়, ক্যানসারে সৃষ্ট জটিলতায় তিনি একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান। ২০১৬ সালে এ মারণ রোগ ধরা পড়ার পর তার সার্জারিও হয়।

ব্ল্যাক প্যান্থার টি’চালা ছাড়াও বোসম্যান একাধিক বাস্তব চরিত্রে অভিনয় করেছেন। যা তার ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। এর মধ্যে আছে ‘৪২’ ছবিতে রবিনসন, ‘মার্শাল’-এ থরগুড মার্শাল ও ‘গেট অন আপ’ ছবিতে জেমস ব্রাউন।

সাউথ ক্যারোলিনায় বেড়ে ওঠা চ্যাডউইক বোসম্যান ওয়াশিংটন ডিসি’র হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য নিজ শহর ছাড়েন। পরে অভিনয় ক্যারিয়ারের জন্য ক্যালিফোর্নিয়ায় থিতু হন।