নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন অনুরাগ কাশ্যপ

করোনা সংকটের আবহে সাক্ষাৎ যম রাজের দর্শন পেয়েছিলেন অনুরাগ কাশ্যপ। টুইটারে এমনটাই দাবি করেছেন বলিউড পরিচালক। ব্যঙ্গের সুরেই মৃত্যুর গুঞ্জন নস্যাৎ করেছেন অনুরাগ। মজা করে আবার লিখেছেন, স্বয়ং যমরাজই তাকে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খানের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘কেআরকে বক্স অফিস’ একটি টুইটে। যাতে অনুরাগ কাশ্যপের আত্মার শান্তি কামনা করে লেখা হয়, তিনি খুবই ভালো কাহিনিকার ছিলেন। তার অভাব চলচ্চিত্র জগতে থেকে যাবে।

সাত সকালবেলা উঠেই অনুরাগের নজরে টুইটটি পড়ে। উত্তর দিতে দেরি করেননি পরিচালক। স্বভাবসিদ্ধ ঢঙেই মজার মোড়কে ব্যঙ্গ করে লিখেছেন, ‘কাল যমরাজের দর্শন পেলাম। আজ যমরাজ স্বয়ং বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। বললেন, এখনো আরও অনেক ছবি তৈরি করতে হবে তোমাকে। তুমি সিনেমা না তৈরি করলে নির্বোধ/ভক্তরা তা বয়কট করবে না। তাহলে তাদের জীবনও সফল হবে না। তাদের জীবনের সফলতার জন্যই আমায় ফেরত দিয়ে গেলেন।’

নিজেকে বলিউডের সেরা চলচ্চিত্র সমালোচক হিসেবে দাবি করেন কেআরকে। এর আগেই তার সমালোচনা করেছেন অনুরাগ কাশ্যপ। তাতে অবশ্য দমে যাননি স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক। গত এপ্রিলে আবার তিনি দাবি করেছিলেন ভালো রিভিউ করার জন্য নাকি করণ জোহর তাকে ২৫ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন।

তবে অনুরাগের মৃত্যুর খবর যে ভুল করে টুইট করা হয়েছে, তা পরে স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন কামাল আর খান।