ব্যাটসম্যান আগেভাগে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে, যদি ‘মানকাড’ আউট বেমানান হয়, তাহলে তাকে ঠেকিয়ে রাখার উপায় চান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
আইপিএল শুরু হওয়ার আগে মুরালির পরামর্শ, ‘বোলার যদি অনৈতিক সুবিধা নিতে না পারেন, তাহলে ব্যাটসম্যান কেন অনৈতিক সুবিধা পাবেন। আমার মনে হয়, সাবধান করা উচিত। না হলে ব্যাটসম্যানকে আউট দেয়া হোক, অন্যায় করা দলকে পাঁচ রান জরিমানা করা হোক।’
কোনো বোলার বল করার সময় ননস্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান যদি আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তাহলে বোলার স্টাম্প ভেঙে দিলে আউট হবেন ব্যাটসম্যান। ভারতীয় সাবেক ক্রিকেটার বিনু মানকাড়ের নামে এই আউটের নাম ‘মানকাড’ আউট। আইপিএলে অশ্বিন প্রথম এভাবে আউট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন।
ক্রিকেটবিশ্ব এই নিয়মটি নিয়ে দুই ভাগে বিভক্ত। একপক্ষের দাবি, বল শুরু হওয়ার আগেই একজনকে আউট করার ভাবনা অক্রিকেটীয় ব্যাপার। আউট না করে বরং ব্যাটসম্যানকে সতর্ক করা যায়। অশ্বিনের মতো আরেক পক্ষের দাবি, নিয়ম যখন হয়েছে তখন সেটা সবার মানা উচিত।