বাংলাদেশকে সফরে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সংস্থাটি বাংলাদেশের জন্য কভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করতে নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের জন্য লঙ্কান বোর্ড সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী যে স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘ওরা যে শর্তাবলি দিয়েছে এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়।’
বিসিবির এই প্রতিক্রিয়া নজরে আসে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। তাৎক্ষণিক টুইটে জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) তিনি দেশের কভিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন।
শ্রীলঙ্কান দৈনিক ‘দ্য আইল্যান্ড’ জানিয়েছে, ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সঙ্গে এসএলসির সভাপতি শাম্মি সিলভার আলোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন সময় কমিয়ে ৭ দিন করতে আবেদন করেছে এসএলসি। এ ছাড়া সফরকারী দলের সদস্য সংখ্যা ৩০ থেকে ৩৫ করতে অনুরোধ করা হয়েছে।
শ্রীলঙ্কান গণমাধ্যমগুলো অবশ্য এও জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আবেদন না মানলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই।
আরো পড়ুন:
শ্রীলঙ্কার শর্ত মেনে সফর সম্ভব নয়: বিসিবি সভাপতি
বিসিবির বিষয় পুনর্বিবেচনা করতে এসএলসিকে লঙ্কান মন্ত্রীর নির্দেশ