কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কুষ্টিয়া শহর যুবলীগের পর এবার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি চিঠিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো’।

এর আগে গত সপ্তাহে জাতীয় পরিচয়পত্র ও জমি জালিয়াতিসহ দখল করার অভিযোগ ওঠে কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনের বিরুদ্ধে। অন্যের জমি রেজিস্ট্রি ও দখলের অভিযোগ ওঠার পরদিনই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটির ঘোষণায় শহর যুবলীগের কমিটিকে বিলুপ্ত করা হয়।