পেটের দায়ে ভাঙা হাত নিয়ে রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটির একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন দুই সন্তানের মা সাবরিনা (৩৫) বেগম। কিন্তু গৃহকর্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। কাজ ছেড়ে দিয়ে বাসায় যেতে চাইলেও দেওয়া হচ্ছিল না তাকে। বাড়িতে থাকা সন্তানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাও বারণ ছিল। এমন বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। গত মঙ্গলবার মধ্যরাতে তার ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গতকাল বুধবার সকালে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
৯৯৯-এর ফোকাল পয়েন্ট অফিসার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, আদাবরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটির ১৮ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে সাবিনা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি উদ্ধারের আকুতি জানান। তার ফোন পেয়েই সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। আদাবর থানার পুলিশ গিয়ে জানতে পারে, সাবরিনার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অনেক আগেই স্বামী তাকে ছেড়ে চলে গেছেন।