পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তী সন্তোষদি চরাঞ্চলের মাটি কেটে নেয়ার দায়ে ৪টি মাটি বহনকারী ট্রলারসহ ১৩ শ্রমিককে আটক করা হয়েছে।
পরে আটক শ্রমিকদের মালিক উত্তম কুমার পালকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরানের নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মুরাদিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর তীরবর্তী সন্তোষদি এলাকা থেকে লিটন ফকির, আবুল কালামসহ ১৩জন মাটিকাটা শ্রমিককে আটক করে।
আটককৃত শ্রমিকেরা অবৈধভাবে মাটি কেটে বাউফল উপজেলার কুমারপট্টি এলাকার উত্তম কুমার পালকে সরবরাহ করছিলেন।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী বাউফল উপজেলার সংঘবদ্ধ মাটি চোর চক্র বেশ কয়েকটি ট্রলারে এসে মুরাদিয়ার সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরবর্তী চরে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছিলেন।
খবর পেয়ে এসিল্যান্ডের নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত ৪টি ট্রলারসহ ১৩ শ্রমিককে আটক করতে সক্ষম হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১২টায় ইউএনও’র দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে ধৃত শ্রমিকদের নিয়োগকর্তা রোহিনী কান্ত পালের ছেলে উত্তম কুমার পালকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বিশেষ মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান জানান, আটককৃত শ্রমিকরা ডে-লেবার। ওদের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পর শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে।