ভ্যাকসিনের বৈশ্বিক উদ্যোগে শামিল ১৭০ দেশ

দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি এবং সেটি পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স নামের যে উদ্যোগ গ্রহণ করেছে তার সঙ্গে ১৭০টি দেশ একাত্মতা প্রকাশ করেছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস শুক্রবার এ বিষয়ে বলেন, ‘আমাদের সঙ্গে মোট ১৭০টি দেশ যোগ দিয়েছে।’

‘কভিড-১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।’

এতগুলো দেশ এক হয়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা করলেও যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র।

গত এপ্রিলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে আমরা দৃষ্টি রাখব।’

করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ‘যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার’ অভিযোগ এনে কিছু দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে মার্কিন অনুদান বন্ধের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা ভ্যাকসিনের দৌড়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন পর্যন্ত চীন-রাশিয়া সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। ‘স্পুটনিক ভি’ নামের ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল এখনো শেষ হয়নি।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।