অ্যাপল নিয়ে এলো পেইড ফিটনেস প্ল্যাটফর্ম

১৫ সেপ্টেম্বর নতুন আইফোনসহ অন্যান্য ডিভাইস উন্মোচনের কথা ছিল অ্যাপলের। সম্পূর্ণ না হলেও প্রত্যাশার আংশিক পূরণ করেছে অ্যাপল। নতুন আইফোন উন্মোচন না করলেও স্মার্টওয়াচ এবং ট্যাবলেটের সঙ্গে ফিটনেস সাবস্ক্রিপশন সেবা উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ফিটনেস প্লাস সাবস্ক্রিপশনে ইয়োগা, ড্যান্সসহ আরও কিছু ওয়ার্কআউট শেখাবে অ্যাপল।

অ্যাপলের ব্র্যান্ড নিউ ‘ফিটনেস প্লাস’ নামের প্লাটফর্মটি স্মার্টওয়াচ থেকে তথ্য সংগ্রহ করে। এরপর সেটি পর্যালোচনা শেষে বড় ডিসপ্লেতে ভিডিও হিসেবে দেখায়। এই প্লাটফর্ম আইওএস অ্যাপ স্টোরে বিদ্যমান জনপ্রিয় ফিটনেস অ্যাপ পেলোটন, লেস মিলস এবং ফিটবিটের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। বহুল প্রত্যাশিত এ নতুন সার্ভিস উন্মোচনের কথা জানালেও আইফোন ১২ সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এমনকি ডিভাইসটি উন্মোচনও করা হয়নি। তবে নতুন একটি আইপ্যাড নিয়ে এসেছে তারা। চলতি বছর শেষ হওয়ার আগে বিশ্বের মাত্র ছয়টি দেশে ফিটনেস প্লাস প্লাটফর্মের সেবা চালু করা হবে।