যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ এগিয়ে আসার সঙ্গে বাড়ছে উত্তাপ। গত বুধবার সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার বই প্রকাশের ঘোষণা এই উত্তাপে পারদ চড়িয়েছে। বইয়ে তিনি নিজের শাসনামলের ঘটনা ‘সততা’র সঙ্গে প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনের দুই সপ্তাহ পর প্রকাশের তারিখ ঘোষণা করা হলেও এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এরই মধ্যে সাম্প্রতিক জরিপে ফ্লোরিডায় দুই প্রার্থীডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। এতে দেশটির নির্বাচন বিশ্লেষকরা বেশ অবাক হয়েছেন। কারণ গুরুত্বপূর্ণ ভাসমান এই রাজ্যের ভোটের ওপর অনেকটা নির্ভর করে জয়-পরাজয় ও রাজনৈতিক মেরুকরণ। এত দিন জরিপে বাইডেনকে এগিয়ে রাখা হচ্ছিল।
বিবিসি বলছে, ফ্লোরিডায় মোটা দাগে ভোটাররা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও রাজ্যের বৈচিত্র্যপূর্ণ ভাসমান স্বল্পসংখ্যক ভোটারের ভোটের ওপর নির্বাচনের ফলাফল নির্ভর করবে। এ বছর এখানে তিনটি গ্রুপ সুনির্দিষ্টভাবে সবার মনোযোগ কেড়েছে। ফ্লোরিডায় কে জিতবেন তা কুবান-আমেরিকান, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও সাবেক ফেলানদের ভোটের হারে নির্ধারিত হবে। একই সঙ্গে পরের বছর কে হোয়াইট হাউজে থাকবেন, তাও বরাবর এই বহিরাগতরা ঠিক করেন।
ফ্লোরিডার সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা মিয়ামির বাসিন্দারা কম্পিউটার ও টিভির পর্দায় জো বাইডেনের স্প্যানিশ ভাষার প্রচারণায় উচ্ছ্বসিত হয়েছেন। হিসপ্যানিক ভোটারদের বাগে আনতে এই প্রচারণা হলেও কিছু বিশ্লেষক বলছেন, ডেমোক্র্যাটদের এই কৌশলে বেশ দেরি হয়ে গেছে।ডেমোক্র্যাটদের বিশ্লেষক ফারনান্দ আমান্দির প্রতিষ্ঠান বেনডিক্সেন অ্যান্ড আমান্দির সেপ্টেম্বরে করা জরিপে দেখানো হয়েছে, কুবান ঐতিহ্যের জনগোষ্ঠীকে প্রচারণার মাধ্যমে আকৃষ্ট করেছেন ট্রাম্প। ৬৮ শতাংশ কুবান-আমেরিকান আবারও ট্রাম্পকে ভোট দেওয়ার কথা বলেছেন। আর মাত্র ৩০ শতাংশ বাইডেনকে সমর্থন করছেন। অথচ এখানে ২০১২ সালে ৫০ শতাংশ ওবামাকে এবং ২০১৬ সালে ৪১ শতাংশ কুবান-আমেরিকান হিলারিকে ভোট দিয়েছেন। জরিপে মিয়ামিতে বাইডেন ৩৮ ও ট্রাম্প ৫৫ শতাংশ সমর্থনে এগিয়ে রয়েছেন।
তবে বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীতে ট্রাম্পের কার্যত ব্যর্থতা বয়স্ক নাগরিকদের বাইডেনকে বেছে নিতে উৎসাহিত করছে। ফ্লোরিডার ২০ শতাংশ নাগরিকের বয়স ৬৫ বছরের ওপরে। ৮ সেপ্টেম্বর প্রকাশিত ওই জরিপে বলা হয়, ফ্লোরিডায় বাইডেন বয়স্কদের ৪৯ ও ট্রাম্প ৪৮ শতাংশ সমর্থন পাচ্ছেন। ২০১৬ সালের নির্বাচনে এই অবস্থান ছিল ট্রাম্পের পক্ষে ৫৭ ও হিলারির ৪০ শতাংশ।