পায়ুপথে হেরোইন পাচার করার সময় রাজশাহীতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- রবিউল ইসলাম রিফাত (২০) ও মিজান মিয়া (২২)। ঢাকার কেরানীগঞ্জে তাদের বাড়ি।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাসে করে তারা ঢাকা যাচ্ছিলেন। শিরোইল বাসস্ট্যান্ডে বাসটি থামলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাতে বাসে তল্লাশি করার সময় দুই যুবকের আচরণে সন্দেহ হয়। তাই তাদের আটক করে বাসস্ট্যান্ড পুলিশ বক্সে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাছে হেরোইন আছে। পরে পায়ুপথ থেকে তারা পলিথিনে মোড়ানো হেরোইন বের করেন। দুজনের কাছে পলিথিনে মোড়ানো তিনটি হেরোইনের রোল পাওয়া গেছে। ওজন ৭০ গ্রাম।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।