রংপুরে নগরীতে সুমাইয়া আকতার মীম (১৬) ও জান্নাতুল মাওয়া (১৪) নামে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
শুক্রবার তিনটার দিকে নগরীর মধ্য গণেশপুরের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের এবং জান্নাতুল মাওয়া মমিনুল ইসলামের মেয়ে। মীম মুলাটোল আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন এবং তার চাচাতো বোন জান্নাতুল বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা আরও জানান, মীমকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। তার চাচাতো বোন জান্নাতুলের মরদেহ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রেম ঘটিত কারণে এমনটি ঘটতে পারে বলেও মনে করছেন তারা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে বলা সম্ভব না। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।