টানা চার দিন বন্ধ থাকার পর আজ (শনিবার) ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে এ আমদানি কার্যক্রম শুরু হয়।
তবে শুধুমাত্র যে সকল পেঁয়াজের ট্রাকের লিও রয়েছে সেই ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ নেতারা।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, ভারত থেকে পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ শুরু হয়েছে। তবে লিও পারমিশান (Late export order) করা ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে
পারবে। দিল্লি সরকার ভোমরাসহ তিনটি বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
নাসিম বলেন, লিও পারমিশান করা পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করেছে ২৫ থেকে ৩২টি। এগুলো ছাড়াও আরও চার শতাধিক ট্রাক পেঁয়াজ ভারতে আটকা পড়ে রয়েছে আমদানিকারক ব্যবসায়ীদের।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমান পর্যন্ত বেলা একটা পর্যন্ত তিনটি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। দিন শেষ সন্ধ্যা সাড়ে ৬টায় জানা যাবে কতগুলো
পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করলো।