আমি মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়াব না: বার্তোমেউ

বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবেন না বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার টিভি ৩ কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি বার্সেলোনায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বার্তোমেউ। সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিলেন মেসি।

বার্সেলোনা সভাপতি বলেন, “সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াব না। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। সমস্যা মিটে গেছে। যা বলার ছিল বলা হয়েছে। আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে যেতে দিতে পারি না। তাকে দলের প্রয়োজন, তার মাধ্যমে সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায়।”

“আমাদের নিজেদের শুভেচ্ছা জানানো উচিত যে, মেসি এখনো আমাদের সঙ্গে আছে। সে কোমানের প্রজেক্ট নিয়েও বেশ উদ্দীপ্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে নিজের ‘ঘরে’ বার্সেলোনার হয়ে খেলে। আমরা চাই, সে এখানেই অবসর নিক।”

নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে বার্তোমেউ বলেন, “আমাদের বোর্ডের কেউই পদত্যাগ করার কথা ভাবছে না। আমাদের বোর্ড এভাবেই কাজ করে যাবে। আমাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল তৈরি করা।”