রূপগঞ্জে যুবককে কুপিয়ে গুরুতর জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে জাকির হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেন নওগাঁ জেলার নেমায়েতপুর থানার রাউতাল এলাকার এমাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কর্ণগোপ এলাকায় বাস করে গাজী পাইপ কারখানায় পিওন হিসেবে কাজ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্ণগোপ এলাকার জাহাঙ্গীর মোল্লার স্ত্রী কণার সঙ্গে জাকির হোসেনের পরকীয়া সম্পর্ক রয়েছে। জাহাঙ্গীর মোল্লা পরকীয়ার বিষয় জানতে পেরে শনিবার রাতে জাকির হোসেনকে বাড়িতে ডেকে নিয়ে এসে মারধর শুরু করেন। একপর্যায়ে জাহাঙ্গীর মোল্লাসহ মিজান মোল্লা, সাইফুল মোল্লাসহ ৪ থেকে ৫ জন মিলে জাকির হোসেনের দুই হাত, মাথা, কানসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম  করে।

পরে স্থানীয়রা জাকির হোসেনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।