উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে ৩৪ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারীকে হাতে-নাতে আটক করেছে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া আরো ৩ জনকে আসামি করা হয়েছে । রবিবার ভোরে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, একদল পাচারকারী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এসে সীমান্তে মজুদ করে রাখার খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৮হাজার পিস ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মধ্যম পাড়া গ্রামের মো. নুর আহমদের ছেলে মো. হোছন ড্রাইভার (৩৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত হোসনের ছেলে মো. জয়নাল আবেদীন (৩২)।
এসময় বিজিবি উপস্থিতির টের পেয়ে ৩ জন পাচারকারী পালিয়ে যায়। পরবর্তীতে ধৃতদের স্বীকারোক্তি মতে তাদেরকে পলাতক আসামি দেখিয়ে মামলা রুজু করেন বিজিবি। পলাতক আসামীরা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মো. হারেচ (৩৭), একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মো. ফজল মেম্বারের ছেলে মো. ইলিয়াছ (৩০) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মধ্যমপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার মরজু বলেন, বিজিবি সদস্যরা ৪৮ হাজার ইয়াবা সহ ২ পাচারকারী থানায় সোপর্দ করেছে। ধৃত ২ জনসহ পলাতক ৩ জনের নামের একটি মাদক মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় কোটি টাকা।