এই দিনে

ইংরেজ লেখক এইচ জি ওয়েলস (হারবার্ট জর্জ ওয়েলস) ১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে দারিদ্র্যে। বাবা ছিলেন জুতার কারিগর আর মা পরিচারিকার কাজ করতেন। খানিকটা অনিয়মিতভাবেই তাকে সমাপ্ত করতে হয় তার স্কুলজীবন। পরবর্তীকালে বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান এবং ১৮৯০ সালে সেখান থেকে জীববিদ্যায় স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই শুরু হয় তার লেখালেখি। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ইনভিজিবল ম্যান’, ‘টাইম মেশিন’, ‘দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’ এবং ‘দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন’। মূলত কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোটগল্পকার হিসেবে সমধিক পরিচিত তিনি। তবে ওয়েলস ছিলেন একজন বহুমুখী লেখক।  তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়াবলি নিয়ে বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভার্নের সঙ্গে তাকেও ‘কল্পবিজ্ঞানের জনক’ আখ্যা দেওয়া হয়। ওয়েলস ছিলেন একজন ঘোষিত সমাজবাদী। তিনি শান্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল হলেও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধকেই সমর্থন করেন। পরবর্তীকালে তার রচনা বিশেষভাবে রাজনৈতিক ও নীতিবাদী চরিত্র লাভ করে। তার লেখক জীবনের মধ্যপর্বের রচনাগুলোর মধ্যে কল্পবিজ্ঞান উপাদান কম। এই পর্বের রচনাগুলোর মধ্যে বিধৃত হয়েছে নিম্ন-মধ্যবিত্ত সমাজের জীবন (দ্য হিস্ট্রি অব মি. পলি), ‘নব্য নারীসমাজ’ ও ‘নারী ভোটাধিকার’ (অ্যান ভেরোনিকা)। সমাজ চিন্তাবিদ হিসেবেও ওয়েলসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের নানা সমস্যার সমাধানের দিকনির্দেশনা পাওয়া যায় তার লেখায়। ১৯৪৬ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন এইচ জি ওয়েলস।