গওহরের হাঁটুর বয়সী প্রেমিক
সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার গানের কথা কে ভুলতে পারে! অনবদ্য গানগুলোর স্রষ্টা মিউজিক কম্পোজার ইসমাইল দরবার। তবে এবার তিনি নন, খবরের শিরোনামে এসেছেন তার ছেলে জেইদ দরবার। ১২ বছরের বড় বলিউডের গ্ল্যামার গার্ল গওহর খানের সঙ্গে চলছে তার মন দেওয়া-নেওয়া। সম্প্রতি জেইদ তার বাবা ও সৎ মা আয়েশাকে জানান, গওহরকে বিয়ে করলে কোনো আপত্তি রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে মিউজিক কম্পোজার ইসমাইল বলেন, ‘ওরা দুজন বিয়ে করলে আমি কেন তাদের আশীর্বাদ করব না? জেইদের বয়স প্রায় ২৯ এর কাছাকাছি। সে জানে কী করতে হবে। আমার স্ত্রী আয়েশাও একই কথা বলেছে। যদি এখানে সে খুশি হয় তাহলে আমরাও খুশি।’ জেইদ দরবার একজন প্রফেশনাল ড্যান্সার। তিনি ডোয়াইন ব্রাভোর ‘দ্য সামিয়া সং’-এ কাজ করেছেন। জেইদের আগে টেলিভিশন তারকা কুশল টেন্ডনের সঙ্গে প্রেম ছিল গওহর খানের।
অস্কার জয়ে এগিয়ে যারা
চলচ্চিত্রের জন্য দুনিয়ার সব থেকে বড় খেতাব অস্কার। প্রতি বছরের মতো এ বছরও পেনস্ক মিডিয়া করপোরেশনের মালিকানাধীন আমেরিকান মিডিয়া সংস্থা ভ্যারাইটি বিগত বছরের সংবাদ পর্যালোচনা করে অস্কারের সব বিভাগ নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে। দেখে নেওয়া যাক সেই তালিকা-
সেরা মুুভি : ‘দ্য ফাদার’ (সনি পিকচার ক্ল্যাসিকস), ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসিহ’ (ওয়ার্নার ব্রোস), ‘মা রাইনিস ব্ল্যাক বটম’ (নেটফ্লিক্স), ‘মাঙ্ক’ (নেটফ্লিক্স), ‘মিনারি’ (এ ২৪), ‘নোম্যানল্যান্ড’ (সার্চলাইট পিকচার), ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ (অ্যামাজন স্টুডিওস)।
সেরা পরিচালক : ডেভিড ফিনিচার, (মাঙ্ক-নেটফ্লিক্স), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মিয়ামি-অ্যামাজন স্টুডিওস), শাকা কিং (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসিহ-ওয়ার্নার ব্রোস), ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার-সনি পিকচার্স ক্ল্যাসিকস), চল জাহাও (নোম্যানল্যান্ড-সার্চ লাইট পিকচার)।
সেরা অভিনেতা : অ্যান্টনি হপকিন্স, ড্যানিয়েল কালুয়া, দেলরয় লিন্ডো, টম হ্যাঙ্কস, গ্যারি ওল্ডম্যান।
সেরা অভিনেত্রী : ভায়োলা ডেভিস, ভেনেসা কার্বি, ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মিশেল ফেফার, রাচেল জেগেলার।
সেরা পার্শ্ব অভিনেতা : চ্যাডউইক বোসম্যান, বিল মারে, লেসলি ওডম (জুনিয়র), লেকিথ স্ট্যানফিল্ড, ডেভিড স্ট্রাথায়ার্ন।
সেরা পার্শ্ব অভিনেত্রী : অলিভিয়া কলম্যান, আরিয়ানা ডিবোস, অড্রা ম্যাকডোনাল্ড, সাওরেসি রোনান, আমন্ডা শেফ্রিড।
সেরা অ্যানিমেটেড সিনেমা : ‘কানেকটেড’ (সনি ছবি), ‘অনওয়ার্ড’ (পিক্সার), ‘ওভার দ্য মুন’ (নেটফ্লিক্স), ‘সোল’ (পিক্সার), ‘ওল্ফ ওয়াকারস’ (অ্যাপল টিভি+জিকেআইডিএস)।
নতুন জেমস বন্ড টম হার্ডি
জেমস বন্ড হিসেবে সর্বশেষ কয়েকটি মুভিতে হাজির হয়েছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। শোনা যাচ্ছিল, এই চরিত্রে আর দেখা যাবে না তাকে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবিটিই তার শেষ কিস্তি। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। আয়ারল্যান্ডের ‘দ্য ভ্যালকন’ পত্রিকা জানালো, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। চলতি বছরের জুন মাসে এ বিষয়ে পাস মার্ক পেয়েছেন। এর মাধ্যমে ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনো আইরিশ হিসেবে নাম লেখালেন তিনি। প্রথম আইরিশ জেমস বন্ড হলেন পিয়ার্স ব্রোসনান। তিনি ২০১৮ সালে ডেইলি মেইলের সঙ্গে সাক্ষাৎকারের সময় টম হার্ডিকে জেমস বন্ড করতে পরামর্শ দিয়েছিলেন। এমনকি ড্যানিয়ালের চেয়েও তিনি ভালো হবেন বলে মনে করতেন। ১৯৭৭ সালে জন্ম নেওয়া অভিনেতা টম হার্ডি অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। একই সময়ে তিনি টেলিভিশন ও সিনেমায় ব্যস্ত হয়ে ওঠেন। মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।