নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনের বিরুদ্ধে।
রবিবার রাত নয়টার দিকে নীলফামারী শহরের আলমগীরের মোড় এলাকায় এ হামলা চালানো হয়। আহত আবুজার রহমান বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে হামলাকারী নাহিদুল ইসলাম নিক্সনকে ঘটনার দুই ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা-পুলিশের পরিদর্শক মো. আজমিরুজ্জামান।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. অমল চন্দ্র রায় বলেন, ‘ডান হাতের কবজি, বাম চোখ ও নাকে আঘাত পেয়েছেন আবুজার রহমান। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’
সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, রবিবার রাত নয়টার দিকে রিকশাযোগে কবরস্থান মোড় সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন আবুজার রহমান।
এ সময় পথে আলমগীরের মোড় নামক এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন নিজ বাড়ি থেকে বের হয়ে তার উপর অতর্কিত হামলা চালান। স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা স্বাচিবের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন।
তিনি আরও বলেন, ‘নাহিদুল ইসলাম নিক্সন মাদকাসক্ত। তার হাতে মাদক সেবনের টাকা যখন থাকে না তখন সে টাকার জন্য দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মানুষের উপর হামলা চালায়। আজকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে শুধু মাদকের টাকার জন্য।’
নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমান বলেন, ‘আমি রিকশায় নিজ বাড়ি ফিরছিলাম। পথে আলমগীরের মোড়ে পৌঁছালে নিক্সন একটি রড নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। আমাকে বহনকারী রিকশা চালকের চিৎকারে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
তিনি বলেন, ‘কেন সে আমার উপর অতর্কিত হামলা চালালো বুঝে উঠতে পারছি না। তার সাথে আমার কোনো দলীয় বিরোধ নেই। আমার উপর হামলা চালানোর সময় সে বারবার বলছিল ব্যাটা আমাকে টাকা দে।’
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে হামলাকারী নিক্সনকে আলমগীরের মোড়স্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’