অপহরণের ১৮ ঘণ্টা পর তিন মাসের শিশু মো. জুনাঈদ হোসেনকে সোনাগাজী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দলের সদস্য রোকসানা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ এলাকার অপহরনকারী রোকসানার প্রেমিক মো. জীবনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পৌর শহরের কলেজ রোডে ভাড়া বাসায় থাকতেন উপজেলার উত্তর পানুয়া এলাকার কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনের পরিবার। গত কয়েকমাস আগে ফোনে নিজামের স্ত্রী জাহেদা আক্তারের সঙ্গে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের স্ত্রী রোকসানা আক্তারের পরিচয় হয়। এরপর থেকে দু’জনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এমনকি একে-অপরের বাসায় আসা-যাওয়া করতেন। শনিবার রোকসানা আক্তার প্রবাসী নিজাম উদ্দিনের বাসায় বেড়াতে যায়। রোববার সকাল সাড়ে ৯টায় প্রবাসীর স্ত্রী জাহেদা আক্তারের কাছ থেকে তার ৩ মাস বয়সী শিশু সন্তান মো. জুনাঈদ হোসেনকে অতিরিক্ত গরমে ঘেমে যাওয়ায় বাসার ছাদ থেকে ঘুরিয়ে আনার কথা বলে বাসা থেকে বের হয়ে শিশুকে নিয়ে পালিয়ে যায় রোকসানা আক্তার। এরপর শিশু ও রোকসানার কোন সন্ধান পাওয়া যায়নি।
প্রবাসীর স্ত্রী জাহেদা আক্তার বলেন, শিশুপুত্রকে না পেয়ে তিনি আত্মীয়-স্বজনদের নিয়ে বিভিন্ন স্থানে খুঁজেছেন। পরে ছাগলনাইয়া থানায় রোকসানা আক্তারসহ কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম অপহৃত শিশু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাগলনাইয়া পৌর শহর থেকে এক শিশুকে অপহরণের পর তার পরিবার থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী রোকসানার মুঠোফোনের কললিস্ট বের করে পুলিশ জানতে পারে আসামি রোকসানা আক্তার সোনাগাজীতে অবস্থান করছে।
তিনি বলেন, রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাঈনুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ভোর চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকার পল্লী চিকিৎসক নুর নবীর বাড়ী থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী রোকসানা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুর নবী ছেলে ও রোকসানার কথিত প্রেমিক মো. জীবন পালিয়ে যায়। পরে সকালে ছাগলনাইয়া থানা পুলিশ এসে জীবনকে ধরতে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে রোকসানা জানায় অপরহণ করে শিশুটিকে নিয়ে তিনি জীবনের বাড়ি এসে আশ্রয় নেন। পরে উদ্ধার হওয়া শিশু ও গ্রেপ্তার নারী অপহরনকারীকে ছাগলনাইয়া পুলিশে হস্তান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার উদ্ধার হওয়া শিশু ও গ্রেপ্তার অপহরণকারী রোকসানাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডের ইকবাল ভবন থেকে ওই শিশু অপহরণের শিকার হয়।