বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ছপাক’। যেখানে চরিত্রের খাতিরে চেনা মুখকে দুমড়ে-মুচড়ে নিয়েছিলেন অভিনেত্রী। সমালোচকদের মতে, এই সিনেমার ব্যর্থতার একটি অন্যতম কারণ, দীপিকার ওই লুক দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। তবে এই অভিনেত্রী স্বমহিমায় ফিরছেন শকুন বত্রার আগামী সিনেমায়। গত বছর থেকে এই সিনেমা আলোচনার কেন্দ্রে। করোনার কারণে শ্রীলঙ্কার বদলে সিনেমার লোকেশন ঠিক হয়েছে গোয়ায়। এতে দীপিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখ, ধৈর্য করওয়াকে। দীপিকার বিপরীতে সুযোগ পাওয়া নতুন এই নায়কের জন্য কাছে নিঃসন্দেহে বড় ব্যাপার। এই মডেল-অভিনেতাকে এর আগে ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে। কবীর খানের ‘এইটিথ্রি’ সিনেমায় তিনি রবি শাস্ত্রীর চরিত্রে কাজ করেছেন। সে সিনেমাতেও দীপিকা রয়েছেন, তবে স্বামী রণবীর সিংয়ের স্ত্রীর চরিত্রে। সমসাময়িক প্রেমের সম্পর্কই গল্পে প্রাধান্য পাবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে দীপিকা-ধৈর্য জুটি হিসেবে কতটা আগ্রহ তৈরি করতে পারেন, তার দিকেই নজর সবার। এতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেও।