মৌলভীবাজারের কমলগঞ্জের ছলিমবাজার-সুনছড়া রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও বর্তমানে একটি ব্রিজের পাটাতন ভেঙে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর ধরে অল্প অল্প করে ভেঙে বিশাল আকার ধারণ করায় বর্তমানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না ব্রিজটিতে।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবগত করলে কোনোভাবে সামান্য চলচল উপযোগী করা হয়েছে। কিন্তু তাতেও মোটরবাইক, সাইকেল ব্যাতীত কিছুই চলাচল করতে পারে না। এতে করে এলাকার লোকজন ক্ষুব্ধ রয়েছেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউপির ছলিমবাজার-সুনছড়া রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এটি স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণে জেলা ও উপজেলা সদরে চলাচলের একমাত্র রাস্তা। রাস্তার উপরের ব্রিজটি অল্প অল্প করে ভেঙে এখন বিশাল আকার ধারণ করছে। বর্তমানে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা ও সদস্য সুকুমার দেবনাথ দেশ রূপান্তরকে জানান, এর আগে একালাবাসী ব্যক্তিগতভাবে ব্রিজটি কিছুটা মেরামত করেছিলেন। কিন্তু অল্প অল্প করে ভেঙে বিশাল আকার ধারণ করায় বর্তমানে চলাচল অনুপযোগী ব্রিজটি। তারা ব্রিজটির বিষয়ে উপজেলা পরিষদ মিটিংয়ে ও প্রকৌশলীর অফিসেও জানিয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়রা অবগত করায় ব্রিজটির জন্য প্রকল্প পাঠানো হয়েছে। আগামী বছরে কাজ শুরু হবে।